নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত লড়াই করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। মঙ্গলবার নেপালের ললিতপুরে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে ২৯-২২ তে পরাজিত হয় শ্রাবণীরা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নেপাল।
\r\nললিতপুরের সাতদোবাতোর তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই প্রাধান্য ছিল নেপালের হাতে। যদিও প্রথম ম্যাচের তুলনায় বাংলাদেশ দলের পারফরম্যান্সে ছিল ইতিবাচক পরিবর্তন। প্রথমার্ধে নেপাল এগিয়ে ছিল ১৮-৮ ব্যবধানে। গতকাল প্রথম ম্যাচে এই ব্যবধান ছিল আরও বেশি—১৮-৬।
\r\nবিরতির পর দৃশ্যপট কিছুটা পাল্টে যায়। বাংলাদেশ সুপার ট্যাকল ও গোছানো আক্রমণের মাধ্যমে দ্বিতীয়ার্ধে ১৪ পয়েন্ট সংগ্রহ করে, যেখানে নেপাল পায় ১১ পয়েন্ট। তবে প্রথমার্ধের বড় ব্যবধানটাই শেষ পর্যন্ত হারের কারণ হয়ে দাঁড়ায়।
\r\nবাংলাদেশ দলের কোচ আরদুজ্জামান মুন্সী ম্যাচ শেষে বলেন, “প্রথম ম্যাচের তুলনায় আজকের ম্যাচে ডিফেন্স অনেক ভালো করেছে মেয়েরা। আশা করছি, পরবর্তী তিনটি ম্যাচে আরও উন্নতি দেখা যাবে। আমরা এখনও সিরিজে পিছিয়ে থাকলেও অন্তত দুটি ম্যাচ জয়ের সম্ভাবনা দেখছি।” তিনি ইনজুরি ও ফিটনেস সমস্যাকে দলের পিছিয়ে থাকার বড় কারণ হিসেবে উল্লেখ করেন।
\r\nপ্রসঙ্গত, সোমবার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪১-১৮ পয়েন্টে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে দৃঢ় প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই মাঠ ছাড়ে দলটি।
\r\nউল্লেখ্য, নেপালের নারী কাবাডি দল সর্বশেষ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল। যদিও কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, তবুও এশিয়াড ও এসএ গেমসে নেপালের বিপক্ষে জয় পায়নি নারী দল। আসন্ন কাবাডি বিশ্বকাপ (জুন ২০২৫) সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী কাবাডি দল নেপালে এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে।
\r\nআগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ।





