নেপালের ধাদিং জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে গাজুরি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিগুলি নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি পর্যটন নগরী পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পৃথ্বী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটি সড়ক থেকে ছিটকে নদীতে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর নেপাল সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স ও নিয়মিত পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। নদী ও দুমড়ে-মুচড়ে যাওয়া বাস থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ২৮ জনকে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের এক পুরুষ নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে নেদারল্যান্ডস ও জাপানের দুই নারী পর্যটক রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করছে পুলিশ।