নোয়াখালী প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে নোয়াখালী জেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।


বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় মাইজদী মুক্তমঞ্চ থেকে মিছিল শুরু হয়ে মাইজদী পৌরবাজার সংলগ্ন সড়কে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যার সঞ্চালনা করেন শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য সম্পাদক মো. আবু সায়েদ সুমন।


অবস্থানীয় বক্তৃতায় আবু সায়েদ সুমন বলেন, শাকসু নির্বাচন নিয়ে ‘নোংরা রাজনীতি’ শুরু হয়েছে। এই বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন বাস্তবায়ন করা। দীর্ঘ ২৮ বছর পর ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও দুই প্রার্থী ও এক শিক্ষার্থীর রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে।


তিনি আরও বলেন, অতীতে রাজনীতির নামে যারা শিক্ষার্থীদের আন্দোলনের বাইরে থেকে অপরাজনীতি চালিয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থীরা অতীতেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। প্রয়োজনে জুলাইয়ে নেতৃত্বদানকারী আন্দোলনের মতো আরেকটি প্রতিবাদ গড়ে তোলা হবে।


বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও বক্তব্য রাখেন নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, জেলা দক্ষিণ সভাপতি সাইফুর রসুল ফুহাদ, জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ।


উল্লেখ্য, ১৯ জানুয়ারি হাইকোর্টের আদেশে শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এর প্রতিবাদে ছাত্রশিবিরের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে।