সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালনরত নয়জন সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে।

সোমবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি এ আদেশ দ্রুত কার্যকর হবে।

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন—পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এ এম আকমল হোসেন আজাদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মো. মোখলেস উর রহমান এবং কাইয়ুম আরা বেগম।

এর আগে একই দিনে আরও তিনজন সচিবকে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।