গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে একাধিক পরিচালক পদত্যাগ করেছেন, আর সেই তালিকা এবার আরও লম্বা হলো। এবার পদত্যাগ করলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
আজ সকালে তিনি নিজের পদত্যাগপত্র সরাসরি বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে বোর্ড থেকে সরে আসছেন বলে তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন।
ইয়াসির বিসিবিতে লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন।
একাধিক পরিচালকের পদত্যাগে কিছুটা বেকায়দায় পড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে ঢাকা লিগসহ কিছু টুর্নামেন্ট সময়মতো না হওয়ায় ক্রিকেটারদের কাছ থেকেও চাপ বেড়েছে। সব মিলিয়ে বোর্ডের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল।
এমন সংকটের মধ্যে আগামী ৪ এপ্রিল (শনিবার) বুলবুলের নেতৃত্বে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় অনেকে অনলাইনের মাধ্যমে অংশ নেবেন।





