রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায় রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ১১৭টি উন্নত জাতের আমগাছ কেটে ফেলেছে। বুধবার ভোরে সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি আমবাগানে এ ঘটনা ঘটেছে। এতে দুই বছরের পরিশ্রম, স্বপ্ন ও বিনিয়োগ এক রাতেই ধ্বংস হয়ে যাওয়ায় কৃষক সাইদুর রহমান সম্পূর্ণ স্বার্থহীন হয়ে পড়েছেন। ঘটনাটি এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।
ভোরের কুয়াশা ভেদ করে বাগানে পৌঁছে ধ্বংসস্তূপ দেখে হতবাক হয়েছেন সাইদুর রহমান। সারি সারি আমগাছ গোড়ার দিক থেকে কাটা অবস্থায় পড়ে আছে। মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে ডালপালা ও পাতা। অনেক গাছে তখনও নতুন মুকুলের কুঁড়ি ঝুলছিল, যা দেখে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করেছিলেন তিনি। কিন্তু রাতের মধ্যেই দুর্বৃত্তরা সেই আশা নষ্ট করে দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, দুই বছর আগে সিন্দুর কুসুম্বী মৌজার সাড়ে ১৫ শতক জমিতে তিনি ১৩৩টি উন্নত জাতের আমগাছ রোপণ করেছিলেন। এ গাছের মধ্যে ছিল বারোমাসি, কাটিমন, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও বারি-৪ জাতের আমগাছ। শুরু থেকেই নিয়মিত সেচ, সার প্রয়োগ ও রোগবালাই দমনে তিনি সর্বোচ্চ চেষ্টা করে আসছিলেন। ইতোমধ্যে অনেক গাছে মুকুল আসায় এবছর ফল বিক্রি করে পরিবারের আর্থিক অবস্থা উন্নত করার স্বপ্ন দেখছিলেন।
সাইদুর রহমান বলেন,
“গতকালই আমগাছের সঙ্গে সাথি ফসল হিসেবে প্রায় ৬০ কেজি রসুনের বীজ রোপণ করেছি। সব মিলিয়ে বড় পরিকল্পনা ছিল। কিন্তু ভোরে এসে দেখি সব শেষ। ১৩৩টির মধ্যে ১১৭টি গাছ কেটে ফেলা হয়েছে। মনে হচ্ছে কেউ যেন আমার বুকের ভেতর ছুরি চালিয়েছে।”
তিনি দাবি করেন, গাছ, পরিচর্যা ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতির মাত্রা কেবল আর্থিক নয়—দুই বছরের পরিশ্রম, ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা ও পরিবারের জীবিকা একসঙ্গে ভেঙে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি তুলনামূলক নিরিবিলি হওয়ায় গভীর রাতে এ ধরনের নাশকতা চালানো দুর্বৃত্তদের জন্য সহজ হয়েছে। খবর পেয়ে আশপাশের কৃষক ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
মনোয়ারা বেগম বলেন, “গাছের সঙ্গে শত্রুতা থাকা উচিত নয়। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমন ঘটনা শুধু একজন কৃষকের ক্ষতি নয়; এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।”
কৃষক ইশা খান বলেন, “এটি নিছক দুষ্টুমি নয়, পরিকল্পিতভাবে করা হয়েছে। একজন কৃষকের জীবনের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না। আজ সাইদুর রহমান, কাল অন্য কেউ—এভাবে চলতে থাকলে কৃষিকাজে মানুষ আগ্রহ হারাবে।”
স্থানীয়দের ধারণা, ঘটনার পেছনে পূর্বশত্রুতা, জমি সংক্রান্ত বিরোধ বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কেউ কেউ মনে করছেন, বাগানটি ভালোভাবে বেড়ে ওঠায় ঈর্ষা থেকেই এ নাশকতা চালানো হয়েছে। তবে প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
ঘটনার পর সাইদুর রহমান পবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পবা থানার তদন্ত কর্মকর্তা এসআই প্রতাপ কুমার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করা হয়েছে। পূর্বশত্রুতা, জমি বিরোধসহ সব দিক বিবেচনায় রেখে তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।





