পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।


বাণীতে ড. ইউনূস বলেন, রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি এ মাস মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ করে দেয়।


তিনি উল্লেখ করেন, রমজান ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা দেয়। একই সঙ্গে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।


দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস ও বিদ্বেষ পরিহার করে ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া ও সৎকর্মে মনোযোগী হতে হবে। মহান আল্লাহ যেন সবার রোজা ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করেন—এ কামনাও করেন তিনি।