জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশ থেকে মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র এবং গডফাদারতন্ত্র উচ্ছেদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “দেশ হবে জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। নতুন পথচলা শুরু হয়েছে।”
শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পাঁচ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম কক্সবাজারের মানুষকে সংগ্রামী আখ্যা দিয়ে বলেন, “সমুদ্রের সঙ্গে লড়াই করে যাঁরা বেঁচে থাকেন, তাঁরা সংগ্রামের প্রতীক। আমরা আপনাদের কাছে এসেছি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে।”
তিনি বলেন, “কক্সবাজার দেশের অন্যতম পর্যটনকেন্দ্র হলেও পর্যটন শিল্পের সুষ্ঠু উন্নয়ন হয়নি। পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলা প্রয়োজন, কিন্তু এখানে হয়েছে শুধু লুটপাট।”
ফ্যাসিবাদী শাসনামলে কক্সবাজার সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল দাবি করে তিনি বলেন, “যেমন নারায়ণগঞ্জে গডফাদার ছিল, তেমনি কক্সবাজারেও গডফাদার তৈরি হয়েছিল। শেখ হাসিনার শাসনে গডফাদারতন্ত্র ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি, ভবিষ্যতে আর কাউকে এমন শক্তি অর্জন করতে দেব না।”
তিনি কক্সবাজারবাসীকে সতর্ক করে বলেন, “নতুন কোনো গডফাদার আবির্ভূত হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমাদের রোহিঙ্গাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি আছে। তবে তাদের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে যেন কক্সবাজারবাসীর সঙ্গে অবিচার না হয়, তা নিশ্চিত করতে হবে।”
তিনি দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে প্রত্যাবাসনের দাবি জানিয়ে বলেন, “এই সংকট সমাধানে বিশ্বনেতাদের এবং অন্তর্বর্তী সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।”
নাহিদ ইসলামের ভাষণে কক্সবাজারে রাজনৈতিক সচেতনতা ও বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি জনগণের আগ্রহের প্রতিফলন লক্ষ্য করা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।





