গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় রেজওয়ান নামে এক যুবকের সঙ্গে অন্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব নামে তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে সিহাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা জরুরি।