পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যজুড়ে সহিংসতা ও উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর গত ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় দায়ের হয়েছে ২০০টির বেশি এফআইআর। এ সময় গ্রেফতার করা হয়েছে ৪৩৩ জনকে, আর আটক করা হয়েছে আরও প্রায় ১ হাজার ১০০ জনকে।
পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত বুধবার (৬ মে) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন এলাকায় হামলা, হুমকি, মারধর ও ভয়ভীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।
এদিকে নির্বাচন-পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর একটি ঘটনা ঘটেছে নান্নুরে, অন্যটি নিউ টাউনে। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।ব্রেকিং নিউজ অ্যালার্ট
কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। কলকাতা পুলিশের আওতাধীন এলাকা থেকে ইতোমধ্যে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যেই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস





