ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে ভোট গণনার সময় একাধিক স্থানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের ছাদে উঠে বিজেপি পতাকা লাগানোর অভিযোগ পাওয়া গেছে। বরানগরের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। জামালপুরে শাসক দলের কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে।

এছাড়া জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বীজপুর ও নোয়াপাড়াতেও তৃণমূল প্রার্থীদের ওপর হামলার অভিযোগ করেছে দলটি।

অন্যদিকে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনার পর নির্বাচন কমিশন জেলাশাসক ও পুলিশ কমিশনারকে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারা এখনো ফলাফল মেনে নেওয়ার অবস্থায় নেই। তার দাবি, দলের কাউন্টিং এজেন্টরা গণনাকেন্দ্র না ছাড়ার নির্দেশ পেয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, নির্বাচনি ফলাফলের তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।