যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছে। এখন তাকে কারাগারে পাঠানোর আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশনের এসআই শরীফুজ্জামান। এদিন বেলা ১২টার দিকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় তৌহিদ আফ্রিদিকে।
গত ২৫ আগস্ট আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়। তার আগে ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের বাবা জয়নাল আবেদীন গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় নাসির উদ্দিন ও তার ছেলে তৌহিদ আফ্রিদির নামও রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট তৌহিদের বাবা মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরবর্তীতে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠায়।





