গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন আট আদিবাসী গোষ্ঠীর পাঁচ শতাধিক মানুষ।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামের গারোপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া সব সময় আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। তিনি দাবি করেন, বিগত সরকারের সময়ে দলীয় বিবেচনায় অনেককে সরকারি জমিতে ঘর দেওয়া হলেও আদিবাসী জনগোষ্ঠীর কেউ সে সুবিধা পাননি। চাকরি ও সরকারি সুবিধায়ও দলীয় প্রভাব ছিল বলে মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার। পরিচালনা করেন সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী। বক্তাদের মধ্যে ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, আবুল হোসেন প্রধানসহ আট আদিবাসী সম্প্রদায়ের নেতারা।





