পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ডনের খবর অনুযায়ী, রোববার (১ মার্চ) এ সংঘর্ষের ঘটনা ঘটে।
করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ সাবির মেমন জানান, কনস্যুলেটের কাছে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে ৯ জন প্রাণ হারান। নিহত সবাই পুরুষ। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন, যাদের সবাই গুলিবিদ্ধ বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে করাচিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। করাচির মাই কোলাচি সড়কে মার্কিন কনস্যুলেট অবস্থিত।
এদিকে সিন্ধ প্রাদেশিক সরকার সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হুসাইন মানসুরের বরাতে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার সব দিক নিরপেক্ষভাবে তদন্ত করতে একটি উচ্চপর্যায়ের যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়েছে। এই দল ঘটনার কারণ, প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিশ্লেষণ করে দায়ীদের চিহ্নিত করবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। তবে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। ভাঙচুর, সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।





