ক্রিকেট মাঠে ফের মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দুই দল একে অপরের বিপক্ষে খেলতে নামছে। রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার মনে করেন, ম্যাচটি হাউসফুল না হওয়ার কোনো সুযোগ নেই। পিটিভি স্পোর্টসে তিনি বলেন, “এবার আমরা যুদ্ধ-পরবর্তী সময়ে ভারতের মুখোমুখি হচ্ছি। ভাবুন তো, এটা হাউসফুল না হওয়ার কোনো সুযোগ আছে? সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাইরের গল্পগুলো সত্য নয়।”

অন্যদিকে, ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসান ভিন্ন মন্তব্য করেছেন। সিএনএন নিউজ১৮–কে তিনি বলেন, “ভারতের ‘বি’ দলও এই পাকিস্তান দলকে হারাতে পারবে। কারণ সময় বদলেছে। ৯০–এর দশকে পাকিস্তান শক্তিশালী ছিল, এখন পরিস্থিতি পাল্টে গেছে। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে মিস করব না, না হলে সুনীল গাভাস্কার ও কপিল দেবকেও মিস করতে হতো।”

ওয়াসান আরও যোগ করেন, “দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং। এখন ভারতের দলে তারকার অভাব নেই। বরং সিলেক্টরদের জন্য সবচেয়ে বড় সমস্যা—কাকে বাদ দেওয়া হবে আর কাকে নেওয়া হবে।”