পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদীর রূপপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় সোহেল রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল রানা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।
র্যাব জানায়, তার কাছ থেকে ১টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ১টি প্রাইভেটকার ও ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





