পাবনায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মুহাম্মদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে চেক জালিয়াতির একটি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।
পরিবারের দাবি, নির্বাচনের পর রাতে কিছু নেতাকর্মী তাদের বাড়িতে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটায়। এর প্রতিবাদ করায় পূর্বের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে পুলিশ বাসা থেকে তাকে নিয়ে যায় এবং একটি পুরোনো মামলার কথা জানায়। তিনি স্বামীর মুক্তি দাবি করেন।
মুহাম্মদ আসাদুল্লাহ এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিতেও দায়িত্ব পালন করছিলেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খইম উদ্দিন বলেন, তিনি ২০২৪ সালের একটি অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।





