বান্দরবান প্রতিনিধি:  বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি তুলে ধরে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল এবং চার দফা দাবির প্রেক্ষিতে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলা শাখা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেবের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে পিসিএনপি উল্লেখ করে যে পার্বত্য চুক্তির বিভিন্ন ধারা সংবিধানের ১, ৫৯, ৮০, ১২২, ১৪৩, ১৪৪সহ একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আলাদা স্ট্যাটাস প্রদান, অনির্বাচিত আঞ্চলিক পরিষদ গঠন, ভূমি ব্যবস্থাপনায় জেলা পরিষদকে সর্বময় ক্ষমতা দেওয়া, ভোটার তালিকা ও নাগরিকত্ব সনদে সার্কেল চীফের বিশেষ ভূমিকা এবং আইন প্রণয়নে আঞ্চলিক পরিষদের হস্তক্ষেপকে সংবিধানবিরোধী বলে অভিহিত করা হয়। পিসিএনপি অভিযোগ করে যে চুক্তিটি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়ে পাহাড়ের বাঙালি জনগোষ্ঠীসহ দেশের সমতলের সাধারণ মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ সৃষ্টি করেছে।


স্মারকলিপিতে রাষ্ট্রের অখণ্ডতা এবং জনগণের সম-অধিকার নিশ্চিত করার স্বার্থে চার দফা দাবি তুলে ধরে পিসিএনপি। দাবিগুলো হলো—সংবিধানবিরোধী পার্বত্য চুক্তি বাতিল বা সাংবিধানিক উপায়ে পুনর্মূল্যায়ন করে সংশোধন, পাহাড়ে বসবাসকারী সকল নাগরিকের সমান রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূমি অধিকার নিশ্চিতকরণ, পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রত্যাহার করা নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পিসিএনপি’র বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ্ব আবদুস শুক্কুর, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মো. ইকবাল মাহমুদ ও মো. আজিজ উল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল, জেলা সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আবছার, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন সজল, সহ–সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, পৌর সভাপতি শামচুল হক সামু ও সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।