পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, পাহাড়ে কোনো বৈষম্য বরদাশত করা হবে না, সবার অংশগ্রহণে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।

\r\n

দায়িত্ব নেওয়ার পর প্রথম নিজ এলাকায় গিয়ে শুক্রবার দুপুরে তিনি রাঙামাটি সার্কিট হাউসে পৌঁছান। জেলার প্রবেশমুখ গোদারপাড় থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপাসহ বিভিন্ন স্থানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

\r\n

মন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো খাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করাই লক্ষ্য। দীর্ঘদিন অবহেলিত দুর্গম এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। সরকার ১৮০ দিনের বিশেষ উন্নয়ন পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।

\r\n

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও তাদের পাশে দাঁড়ানোই এখন প্রধান দায়িত্ব। তারেক রহমান–এর নির্দেশনায় জনকল্যাণমূলক কাজ এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

\r\n

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।