গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে সকাল-বিকেল, রাত-দিন এমপি বেচাকেনা চলবে, আর সরকারের স্থিতিশীলতা থাকবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘সংস্কার ও নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, বাংলাদেশের বাস্তবতায় নিম্নকক্ষে পিআর পদ্ধতি কার্যকর নয়। তবে উচ্চকক্ষে এটি নিয়ে আলোচনা করা যেতে পারে। তিনি আরও দাবি করেন, পিআর পদ্ধতি চালু হলে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে, যা নতুন করে জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গার ঝুঁকি তৈরি করবে।

তিনি সমালোচনা করে বলেন, পিআর সিস্টেমে ব্যক্তিকে নয়, কেবল প্রতীকে ভোট দেওয়া যাবে। এতে করে স্বতন্ত্র প্রার্থী হয়ে এলাকাভিত্তিক কাজ করা ব্যক্তিরা বঞ্চিত হবেন। এ অবস্থায় সরকার স্থিতিশীল থাকবে না, কারণ টাকা দিয়ে জোট পরিবর্তনের সুযোগ বাড়বে।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১০৪ জনের ব্যয়বহুল সফর নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, সাম্যের কথা বললেও সরকার বৈষম্য বাড়াচ্ছে। মাত্র তিনটি দলকে সঙ্গে নেওয়ায় বাকি দলগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি।