পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানের শীষ প্রতীকের এক প্রার্থীর বিরুদ্ধে তৃতীয়বারের মতো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে।


রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পিরোজপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেয়।


অভিযোগে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলমগীর হোসেন গত শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিভিন্ন সময়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগকালে উঠান বৈঠক, মাইকিং ও মিছিলের মাধ্যমে ভোট প্রার্থনা করেন। এসব কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করা হয়েছে।


অভিযোগ দাখিলের পর জামায়াতে ইসলামী নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অধ্যক্ষ জহিরুল হক বলেন, এর আগেও একই প্রার্থীর বিরুদ্ধে দুই দফা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানানো হয়েছে। এবার নিয়ে তৃতীয়বারের মতো অভিযোগ করা হলো। তিনি আশা প্রকাশ করেন, পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবেন।


এ বিষয়ে পিরোজপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয় অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।