রাজশাহীর পুঠিয়ায় কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, শীতার্তদের মধ্যে বিতরণের জন্য উপজেলা ত্রাণ শাখা থেকে ১৮টি কম্বল ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক নাজ বেগমের কাছে হস্তান্তর করা হয়। তিনি একটি তালিকা তৈরি করে জাতীয় পরিচয়পত্রসহ সোমবার দুপুরে বিদ্যালয়ে উপস্থিত থাকতে দুস্থদের জানানো হয়।

তবে নির্ধারিত সময়ের আগেই ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী লোকজন নিয়ে বিদ্যালয়ে গিয়ে সব কম্বল নিয়ে যান। পরে ইউনিয়ন বিএনপির সদস্য আনসার আলী তার অনুসারীদের সঙ্গে নিয়ে কম্বল বিতরণের উদ্দেশ্যে বিদ্যালয়ে এসে বিষয়টি জানতে পারেন। এ নিয়ে প্রতিবাদ হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে বেশ কয়েকজন আহত হন।

ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সরকারি বরাদ্দের ১৮টি কম্বল বিতরণের জন্য দেওয়া হয়েছিল। পরে আরজ আলী দায়িত্ব নিয়ে সেগুলো বিতরণ করেছেন বলে তিনি জানতে পেরেছেন।

এ বিষয়ে আরজ আলী বলেন, তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে ওয়ার্ডের নয়টি গ্রামে দরিদ্র মানুষের মাঝে দুটি করে কম্বল বিতরণ করেছেন। তার দাবি, কম্বল না পাওয়ায় আনসার আলী পক্ষ থেকে ঝামেলা সৃষ্টি করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।