বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর এলাকার ভোলাখাঁর চক মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু দীর্ঘদিন ধরেই বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। তিনি উপজেলা ছাত্রলীগেরও সাবেক সভাপতি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলাখাঁর চক মহল্লায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করেন। পরে তাকে থানায় আনার পথে স্থানীয় নারী-পুরুষ মিলে পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

ওসি আরও বলেন, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ও ভাঙচুরসহ একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তাকে পুনরায় গ্রেপ্তার এবং হাতকড়াসহ উদ্ধারে অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।