সরকারি কর্মচারীরা ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে এগোচ্ছেন।

\r\n

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যে গেজেট প্রকাশ না হলে তারা বাড়ি ফিরবেন না। তারা অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় পে-কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ হয়নি। এই সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি ও পে-স্কেলের আওতাভুক্ত দপ্তরের কর্মচারীরা অংশ নেন।

\r\n

অন্যদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়নের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। পে-কমিশনের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের মূল্যায়ন শেষে পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হবে। যদি সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা হয়, তবে খরচ হবে ১ লাখ ৬ হাজার কোটি টাকা, তবে বাস্তবিকভাবে এটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে।