বাংলাদেশে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন এবং বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ব্যবস্থাকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক করতে সরকার একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের পরামর্শ ও কারিগরি সহায়তা কাজে লাগানো যেতে পারে।

তিনি জানান, বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ে ইইউ সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় দেশগুলোর অভিজ্ঞতা এ ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দুর্নীতি দমন বিষয়ে রাষ্ট্রদূত একটি শক্তিশালী কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব দেন এবং এ ক্ষেত্রে ইইউর সহযোগিতার আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্টদের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইইউ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।