স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের বন্ধু হিসেবেই কাজ করতে হবে। তিনি বলেন, পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।


শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যাতে বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা যায়। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এর সুফল দৃশ্যমান হবে।


নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ব্রিটিশ আমলের পুরোনো পুলিশ আইন পরিবর্তন করে সময়োপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


মন্ত্রী আরও বলেন, এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যেন অপরাধীদের মনে ভীতি তৈরি হয় এবং নিরপরাধ মানুষের মধ্যে স্বস্তি আসে। তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে ডিজিটাল অপরাধ দমনে নবীন কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর জোর দেন।