পেনাল্টি মিস আর শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া—কিছুই বার্সেলোনার গতি থামাতে পারেনি। দাপুটে ফুটবলে আতলেতিকো মাদ্রিদকে উড়িয়ে লা লিগায় আবারও নিজেদের শক্তি দেখাল হান্সি ফ্লিকের দল।


\r\n

আলেক্স বায়েনার গোলে পিছিয়ে পড়ার পর দ্রুতই ম্যাচে ফেরে বার্সা। দুই মাসের চোট কাটিয়ে ফেরা রাফিনিয়া দারুণ দক্ষতায় সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে দানি ওলমো দলকে এগিয়ে নেন। শেষ দিকে বদলি হিসেবে নামা ফেররান তোরেস গোল করে জয় নিশ্চিত করেন। লেভানদোভস্কি পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বড় হতে পারত।


\r\n

১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। বার্সার সমান ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া আতলেতিকো আছে চারে। টানা ছয় ম্যাচ জেতার পর হোঁচট খেল সিমেওনের দল। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ভিয়ারেয়াল আছে তিনে।


\r\n

পুরো ম্যাচে ৫৮ শতাংশ পজেশন রেখে ১৯ শটে ৬টি লক্ষ্যে নিতে পারে বার্সা। বিপরীতে আতলেতিকোর ৭ শটের মাত্র ২টি ছিল টার্গেটে।


\r\n

উদ্যমী শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় বার্সেলোনা। কয়েকটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ১৯তম মিনিটে প্রথম সুযোগেই গোল করে এগিয়ে যায় আতলেতিকো। নাহুয়েল মোলিনার লম্বা পাস থেকে অফসাইড ফাঁকি দিয়ে বায়েনা গোল করেন। প্রথমে অফসাইড বাঁশি বাজালেও ভিএআর সিদ্ধান্ত বদলে দেয়।


\r\n

২৬তম মিনিটে পেদ্রির থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বেরিয়ে আসা গোলরক্ষককে পাশ কাটিয়ে গোল করেন রাফিনিয়া। মিনিট দশেক পর পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি লেভানদোভস্কি। তার শট পোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়। এরপর ইয়ামালের ক্রসে তার হেড ঠেকিয়ে দেন ওবলাক।


\r\n

প্রথমার্ধে ৭১ শতাংশ বল দখলে রেখে ১২ শট নেয় বার্সা। আতলেতিকো এই সময় আর কোনো শটই নিতে পারেনি।


\r\n

বিরতির পরও বার্সা আক্রমণ ধরে রাখে। ৬৫তম মিনিটে দারুণ সমন্বয়ে লেভানদোভস্কির সঙ্গে ওয়ান-টু করে জটলা ভেদ করে গোল করেন ওলমো। এরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। তার বদলি হিসেবে নামেন র্যাশফোর্ড এবং লেভানদোভস্কির জায়গায় তোরেস।

\r\n

৮০ মিনিটের দিকে ইয়ামাল আর আতলেতিকোর আলমাদা বড় সুযোগ নষ্ট করেন। যোগ করা সময়ে গ্রিজমানও বক্সে শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন।


\r\n

শেষ মুহূর্তে আরেকটি সুযোগ পান র্যাশফোর্ড, তবে ওবলাক ঠেকিয়ে দেন। পরের আক্রমণেই ফল পায় বার্সা। বাল্দের ক্রসে ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় দাঁড়িয়ে তোরেস গোল করে ম্যাচের সব অনিশ্চয়তার শেষ টানেন।

\r\n

রিয়াল মাদ্রিদের সামনে এবার সুযোগ, বুধবার বিলবাওয়ের মাঠে জিততে পারলে পয়েন্ট ব্যবধান কমাতে পারবে তারা।