গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকেই রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একে একে দেশ ছাড়তে শুরু করেন। কেউ কেউ আবার দেশের ভেতরেই আত্মগোপনে চলে যান। আত্মগোপনে যাওয়া এমনই একজন হচ্ছেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ফেরদৌসের কোনো খোঁজ মিলছিল না। কোথায় আছেন, কী অবস্থায় আছেন—তা নিয়ে ছিল নানান গুঞ্জন। অবশেষে এক বছর পর তার দেখা মিলল, তাও ভিডিওর মাধ্যমে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফেরদৌসের সঙ্গে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের খ্যাতিমান নায়িকা মৌসুমী।
ভিডিওতে ফেরদৌস বলেন, “এই দুই মহানায়িকাকে নিয়ে কিছু বলার নেই, আমরা অনেক কাজ করেছি, তবে একসঙ্গে মাত্র একটি ছবিতে কাজ করেছি।”
ঋতুপর্ণা বলেন, “আমরা তিনজন অনেকবার চেষ্টা করেছি একসঙ্গে কোথাও যাওয়ার, এবার সম্ভব হলো।”
তাদের কথায় জানা যায়, নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন তারা। ভিডিওতে তিন তারকাকেই হাসিখুশি ও স্বতঃস্ফূর্ত দেখা গেছে।
৫ আগস্টের ঘটনার পর থেকে ফেরদৌসের অবস্থান নিয়ে নানান গুজব ও সংশয় ছিল। তার সহশিল্পীরাও জানতেন না তিনি কোথায় রয়েছেন। অবশেষে এই ভিডিও প্রকাশের মধ্য দিয়ে তার অবস্থান সম্পর্কে আংশিক ধারণা পাওয়া গেল।
তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। যদিও অনেকেই ধারণা করছেন, এটি সাম্প্রতিক সময়ের, কারণ চিত্রনায়িকা মৌসুমীও বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন।





