নারায়ণগঞ্জে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল হোসেন রতন সংবাদ সম্মেলনে তার টাকা ফেরতের দাবি জানিয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রাহাবার এগ্রোর স্বত্বাধিকারী রতন জানান, ব্যবসায়িক লেনদেনে পাওনা টাকা দিতে অব্যাহতভাবে তালবাহানা করেছেন অভিযুক্ত মহাদেব চন্দ্র সাধু। প্রায় ১৫ কোটি টাকা ফেরত না পাওয়ায় ২০২৫ সালের ২১ আগস্ট ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়। এরপর অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তি দিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা অবিলম্বে এবং বাকি টাকা ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেন, কিন্তু এখনও কোনো টাকা ফেরত দেয়নি।
রাহাবার এগ্রো ব্যবসায়ী জানান, মহাদেব চন্দ্র সাধু দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ব্যবসায়ীকে প্রতারণা করে আসছেন। তার বিরুদ্ধে দেশজুড়ে প্রায় ১১৬টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, ধর্ষণ ও প্রতারণার মতো গুরুতর অভিযোগও আছে। ইতিমধ্যে ১২-১৩টি মামলায় তাকে সাজাপ্রাপ্ত ঘোষণা করা হয়েছে। তবু তিনি রহস্যজনকভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
রতন আরও অভিযোগ করেন, পাওনা টাকা না দিয়ে উল্টো মহাদেব চন্দ্র সাধু মিথ্যা মামলা ও হুমকি-ধমকির মাধ্যমে হয়রানি করছেন। ৬ ফেব্রুয়ারি খুলনা থেকে তিনি ও তার চক্র একটি ‘সাজানো অপহরণ নাটক’ চালিয়ে রতনকে আসামি করে মিথ্যা মামলা করেন। এতে ঈদের আগে ১০ দিন কারাভোগ করতে হয়। জেল থেকে মুক্তির মাত্র দুই দিনের মাথায় ১৯ মার্চ সাতক্ষীরা সদর থানায় তার বিরুদ্ধে আরেকটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করা হয়।
এমন পরিস্থিতিতে ইসমাইল হোসেন রতন অবিলম্বে পাওনা টাকা ফেরত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





