বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে এক একজন যোদ্ধার মতো গড়ে তুলতে হবে। শিক্ষকের দেওয়া পাঠ্যসূচি অনুসরণ করা যথেষ্ট নয়, বরং ছাত্রদের নিজেকে প্রতিটি পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে।
সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী স্থিত তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তা'মীরুল মিল্লাত প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ইমানদার, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। তিনি যোগ করেন, “আলহামদুলিল্লাহ, এটি ধীরে ধীরে পূরণ হচ্ছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতিষ্ঠানের তিনজন ছাত্র নির্বাচিত হয়েছেন। তারা দ্বীনের কল্যাণ ও জনগণের সেবায় কাজ করার সুযোগ পেয়েছেন, এজন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা নির্বাচিত হয়েছেন, আগামী বাংলাদেশ তাদের হাতেই গড়ে উঠবে। নতুন বাংলাদেশ তাদের মাধ্যমে নির্মিত হবে।
এসময় ২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
অনুষ্ঠানটি তার সভাপতিত্বে পরিচালনা করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট মাওলানা আতিকুর রহমান, এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসান সঞ্চালনা করেন। আলোচনা পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আসনের এমপি সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের এমপি হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের এমপি আ. হান্নান মাসুদ।





