ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা অন্ধভাবে সহযোগিতা করেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (১২ অক্টোবর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই ব্যক্তিদের কারণে দেশে গুম ও খুনের ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
ডা. শফিকুর রহমান জানান, সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে খুনের অভিযোগে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, “দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে জনগণ গর্বিত থাকতে চান। তবে দুঃখজনক যে, বাহিনীর কিছু সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছিলেন।”
জামায়াত আমির আরও বলেন, “সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানকে বহন করতে হবে না। অপরাধের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে।”
তিনি জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে বিচারপ্রক্রিয়ায় সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। “আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাই,” যোগ করেন জামায়াত আমির।





