ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইরানকে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

শনিবার এক বিবৃতিতে হামাস জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। তবে তারা ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে, যেন এই প্রতিক্রিয়ায় প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা না হয়।

যুদ্ধের প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনাকেও ‘নৃশংস অপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছিল হামাস। সংগঠনটি বলেছে, খামেনি ফিলিস্তিনি জনগণ, তাদের আন্দোলন এবং প্রতিরোধকে সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছিলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।