দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান প্রধানমন্ত্রীর হাতে লাল গোলাপ উপহার দেন।

পদক গ্রহণ করতে এসে শফিক রেহমান প্রধানমন্ত্রীকে তিনটি লাল গোলাপ দেন এবং প্রধানমন্ত্রী হাসিমুখে তা গ্রহণ করেন।

এবার জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তিকে একুশে পদক দেওয়া হয়েছে। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যে অর্থী আহমেদ। এছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকেও একুশে পদকের জন্য মনোনীত করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে দেশের বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।