প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নোয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টায় তিনি দলীয় কার্যালয়ে প্রবেশ করবেন।
এই আগমনের প্রস্তুতিতে শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টা থেকে নয়াপল্টন এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) পুরো এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।
সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। পরিচয় নিশ্চিত করার পরই আশপাশে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে র্যাব, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এত কড়াকড়ির মধ্যেও বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা পুরো এলাকা সরগরম করে তুলেছে।
এর আগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভা শেষে নয়াপল্টনে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান। সভা শেষে মঞ্চ থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আগামীকাল নয়াপল্টন অফিসে যাব, আমি তোমাদের দেখতে চাই।” এরপর নেতাকর্মীরা স্লোগানে মিলনায়তন মুখর করে তোলেন।
এবার প্রধানমন্ত্রীর নয়াপল্টন আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুরো এলাকা কার্যত ঢেকে রেখেছে।





