প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী নিজেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের দায়িত্ব নির্ধারণ করেছেন।


মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া পাঁচ উপদেষ্টার মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। আর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।


প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া পাঁচ উপদেষ্টার দপ্তরও নির্ধারণ করা হয়েছে। হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম। পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে জাহেদ উর রহমানকে। মাহাদি আমিন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন রেহান আসিফ আসাদ।


উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি এই ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বর্তমানে সরকারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।