বাংলাদেশ ব্যাংক বিদেশ থেকে পাঠানো প্রবাসী রেমিট্যান্স একইদিন বা পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে। এ নির্দেশনা আন্তঃসীমান্ত অর্থ পরিশোধ প্রক্রিয়ায় দেরি কমানো এবং দক্ষতা বাড়ানোর জন্য জারি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রেমিট্যান্সের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাবে। ব্যাংকিং সময়ের মধ্যে পাওয়া রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর পাওয়া রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে।
ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) বা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়া ব্যবহার করতে বলা হয়েছে। প্রক্রিয়া দ্রুত করতে দিনের শেষে ‘নস্ট্রো’ হিসাবের ওপর নির্ভরতা কমিয়ে ইন্ট্রাডে ক্রেডিট কনফারমেশন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রিকনসিলিয়েশন ব্যবস্থা ৬০ মিনিটের মধ্যে সম্পন্ন করার গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্পূর্ণ প্রক্রিয়া ট্র্যাকিং ও স্বচ্ছতার জন্য ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজ্যাকশন রেফারেন্স (ইউইটিআর) ব্যবহার করতে হবে। ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্মও শক্তিশালী করতে হবে, যাতে ফরম সি ও ফরম সি (আইসিটি) প্রয়োজনীয়তা সহজ হয়।
ব্যবসায়িক ও ব্যাংকিং মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে গ্রাহকের আস্থা বাড়বে এবং বাংলাদেশের রেমিট্যান্স প্রক্রিয়াকরণ ব্যবস্থা বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ব্যাংক কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্ট্রাডে কনফারমেশন ও ইউইটিআরভিত্তিক ট্র্যাকিং প্রক্রিয়া রেমিট্যান্স লেনদেনে স্বচ্ছতা বাড়াবে এবং বিরোধ কমাতে সাহায্য করবে।





