বগুড়া জেলা প্রতিনিধি: দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৯ জানুয়ারি নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় বিশ বছর পর বগুড়ায় অনুষ্ঠিতব্য একটি নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন তিনি। শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এই জনসভাকে ঘিরে ইতোমধ্যে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হিসেবে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিএনপির প্রার্থী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই প্রার্থিতা বগুড়ার নির্বাচনী রাজনীতিতে নতুন গতি এনেছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
রোববার বিকেলে জনসভাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। এ সময় তারা মাঠের সার্বিক প্রস্তুতি ও জনসভা আয়োজন সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। মাঠ পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেন, জনসভা সফল করতে দলীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সেখান থেকে সড়কপথে বিভিন্ন এলাকায় পথসভা করতে করতে তিনি ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন। ওই দিন রাতেই তিনি বগুড়ায় অবস্থান করবেন। পরদিন ৩০ জানুয়ারি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।
লন্ডনে দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরাঞ্চল সফর। এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে বড় জনসভায় বক্তব্য দিয়ে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির এই শীর্ষ নেতা।
বগুড়ায় তারেক রহমানের এই সফর ও জনসভাকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।