ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) অগ্রহায়ণ মাসের শুরুতে ‘আদি নববর্ষ’ উদ্যাপনের ঘোষণা দিয়েছে। শুক্রবার বিকেলে চারুকলায় এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক ইবনে আলী মোহাম্মদ জানিয়েছেন, আগামী রোববার দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য ও ডাকসুর যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসব চারটি পর্বে সেদিন রাত ১০টা পর্যন্ত চলবে। প্রথম পর্বে দেশবরেণ্য চিত্রশিল্পী এবং চারুকলার শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই ও নবান্ন থিমে রংতুলিতে ছবি আঁকা হবে। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে আদি নববর্ষ আনন্দযাত্রা, যেখানে জুলাই, জেলেজীবন ও কৃষিজীবন বিষয়ক মোটিফ তৈরি করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, গান, নাচ, জাদু পরিবেশনা এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
মুসাদ্দিক ইবনে আলী মোহাম্মদ বলেন, “দেশজ সংস্কৃতিচর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নববর্ষ উদ্যাপন। বর্তমানে পয়লা বৈশাখকে বছরের প্রথম দিন হিসেবে উদ্যাপন করা হয়, কিন্তু প্রাচীনকালে পয়লা অগ্রহায়ণই ছিল আদি নববর্ষ। নবান্ন উৎসবের ঐতিহ্য ও কৃষকসংক্রান্ত উৎসব হিসেবে এ দিনটির গুরুত্ব রয়েছে। আমাদের উদ্যোগের লক্ষ্য বর্তমান প্রজন্মকে এই ইতিহাস স্মরণ করানো।”
সংবাদ সম্মেলনে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি যুবায়ের, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ ও বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মৃন্ময় মিজান উপস্থিত ছিলেন।





