আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।


\r\n

জাতীয় সংসদীয় আসন-২১৪ এলাকার নির্বাচনী অনুসন্ধানী বিচারিক কমিটির সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিন স্বাক্ষরিত এ নোটিশে আগামী ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সিভিল জজের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


\r\n

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আবু-জাহের। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জামায়াত প্রার্থীকে এ নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধানী কমিটি। তিনি সন্ধ্যায় বিষয়টি জানতে পারেন।


\r\n

নোটিশে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে মাওলানা সরোয়ার হোসেনকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।


\r\n

নোটিশ অনুযায়ী, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন—এ সংক্রান্ত একটি ভিডিও গত বুধবার (৭ জানুয়ারি) ‘আলোকিত ভাঙ্গা’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত হয়, যা অনুসন্ধানী ও বিচারিক কমিটির নজরে আসে।


\r\n

ভিডিও পর্যালোচনায় দেখা যায়, বুধবার ভাঙ্গা কোর্টপাড় এলাকায় তিনি ও তার সমর্থকেরা নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম চালান, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর বিধি ০৩, ১৮, ২৬, ২৭, ২৮ ও ৩০৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১(খ)(৩)(ক) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।


\r\n

এ বিষয়ে জামায়াত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, তিনি এখনও নোটিশ হাতে পাননি, কেবল বিষয়টি শুনেছেন। তার দাবি, তিনি কোনো মাইকে প্রচার বা আচরণবিধি লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে জড়িত নন। এ বিষয়ে তিনি লিখিত ব্যাখ্যা দেবেন বলে জানান।