২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো অসঙ্গতি বা ভুল পাওয়া গেলে কর্তৃপক্ষ তা সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://dcuadmission.org
থেকে দেখতে পারবেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০টি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২২ আগস্ট (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট) এবং ২৩ আগস্ট (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিট)।
ভর্তি নীতিমালা অনুযায়ী, ঢাকা কলেজে শুধু ছাত্র এবং ইডেন ও বদরুন্নেসা কলেজে শুধু ছাত্রী ভর্তি হতে পারবে। বাকি চারটি কলেজে ছাত্র-ছাত্রী উভয়ের ভর্তির সুযোগ থাকবে। মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য কোটায় (উপজাতি, প্রতিবন্ধী, ক্রীড়াবিদ, হিজড়া, হরিজন-দলিত) ভর্তির জন্যও ন্যূনতম পাস নম্বর অর্জন বাধ্যতামূলক।





