ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেয়েছেন ডা. তাসনিম জারা।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রতীক গ্রহণ করেন।
প্রতীক পাওয়ার পর ডা. তাসনিম জারা বলেন, গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়ে অনেকেই জানতে চেয়েছেন তিনি কোন প্রতীকে নির্বাচন করছেন। আজ সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতিকে সামনে রেখেই তার নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি। এ সময় তিনি সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।
এদিকে, বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন ডা. তাসনিম জারা। সেখানে তিনি লেখেন, সব বাধা অতিক্রম করে ফুটবল প্রতীক নিয়েই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।





