ফেনীতে যৌথবাহিনীর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। অভিযান শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার ফাজিলপুর এলাকায় পরিচালিত হয়।
আটককৃতরা হলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) ও ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন (৩০)। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, বিষয়টি এখনো তারা অবগত নন। তবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান বলেন, “দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”






