ফেনী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে অংশ নিয়েছেন।

তাদের মূল দাবি—বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ। দাবি আদায় না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানান, ১৫ দফা দাবি দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে উপস্থাপন করা হলেও বাস্তবায়নে তেমন কোনো অগ্রগতি নেই। এর মধ্যে স্থায়ী ক্যাম্পাস ছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, লাইব্রেরি সমৃদ্ধকরণ, মুট কোর্ট রুম স্থাপন, ছাত্র সংসদ গঠন, জরিমানা ছাড়া রেজিস্ট্রেশন, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এবং শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ দাবি।

আন্দোলনকারী শিক্ষার্থী আদনান আরাফাত বলেন, “ইউজিসির নির্দেশনা রয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না গেলে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়ে ঝুঁকি তৈরি হবে। অথচ প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

আরেক শিক্ষার্থী ইমন শাহরিয়ার বলেন, “আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রাখব। প্রয়োজনে মহাসড়ক অবরোধ করব।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, পূর্বের জমি নিয়ে আইনি জটিলতা রয়েছে। নতুন জমিতে ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে দেখতে চেয়েছেন, তিনি শিগগিরই আসবেন বলে জানানো হয়েছে।

এর আগে গত বছরের আগস্ট ও অক্টোবর এবং চলতি বছরের ফেব্রুয়ারিতেও একই দাবিতে আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় এবার তারা কঠোর কর্মসূচি ঘোষণা করেছে।