ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী ও দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতের প্রার্থী। সোমবার দুপুর পৌনে ২টার দিকে মঞ্জু দলীয় ও সমমনা দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। জামায়াতের পক্ষ থেকে এবি পার্টির প্রার্থীকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।


\r\n

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে ছিলেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক শাহ আলম, ফেনী জেলা আহ্বায়ক আহসানুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, এবি পার্টি ফেনী জেলা কমিটির প্রচার সম্পাদক হাবিব মিয়াজসহ অন্যরা।


\r\n

জানা গেছে, জামায়াতে ইসলামীসহ আটটি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও যুক্ত রয়েছে। এর আগে এনসিপির সঙ্গে জোট গড়ে এবি পার্টি।


\r\n

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মজিবুর রহমান মঞ্জু বলেন, জামায়াতের প্রার্থী লিয়াকত আলী ভূঞা তাকে সমর্থন জানিয়ে নিজে মনোনয়নপত্র জমা দেননি। তিনি এটিকে বড় ধরনের ত্যাগ হিসেবে দেখছেন।

\r\n

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান জানান, বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে জামায়াত এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়েছে। ফলে দলীয় প্রার্থী লিয়াকত আলী ভূঞা মনোনয়নপত্র জমা দেননি। তবে ফেনী-১ ও ফেনী-৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।


\r\n

এদিকে একই আসনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন, যিনি ভিপি জয়নাল নামে পরিচিত, নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


\r\n

ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানিয়েছেন, ফেনী-2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।