আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া ভিন্ন কোনো পথ বিবেচনা করা হলে তা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম উত্তর জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “জনগণ একটি স্থিতিশীল ও সহনশীল বাংলাদেশ চায়। আর সেটির একমাত্র পথ হলো আগামী ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন। এর বাইরে কোনো পথ চিন্তা করা হলে তা হবে দেশের জন্য ঝুঁকিপূর্ণ।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে এবং জনগণের মালিকানায় একটি নির্বাচিত সংসদ ও সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। দেশের মানুষ বহুদিন ধরে সেই নির্বাচনের অপেক্ষায় রয়েছে।”
নির্বাচনবিমুখ রাজনীতি নিয়েও প্রশ্ন তোলেন এই বিএনপি নেতা। তিনি বলেন, “যারা নির্বাচন চান না, তারা আসলে কোন উদ্দেশ্যে রাজনীতি করছেন—সেই প্রশ্নও এখন উঠছে।”
শিক্ষা খাতে বিএনপির অঙ্গীকার তুলে ধরে আমীর খসরু বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের সকল সমস্যা ও বৈষম্য দূর করতে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও সম্মানজনক করতে আমরা কার্যকর পদক্ষেপ নেব।”
সম্মেলনে বিভিন্ন স্তরের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষা খাতে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।





