কুড়িগ্রামের রাজারহাটে ফেসবুক পোস্ট ও পাল্টা পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে ছাত্রদলের উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও পাল্টা পোস্টকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবির নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।