বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক সৃষ্ট নাশকতা প্রতিবাদের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় ঢাকা কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে সমাবেশে শেষ হয়। সমাবেশের যৌথ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি রেজাউল করিম শাকিল ও ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি সমাবেশে বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে। শহীদ পরিবারের কান্না, আহত ও পঙ্গুদের রক্ত এখনো কথা বলছে, অথচ জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। যারা জুলাইকে ধারণ করতে পারবেন না, তারা দেশের দায়িত্ব নেওয়ার যোগ্য নন।”
জাহিদুল ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগ মানুষের পর্যায়ে পড়ে না; তারা পশুর চেয়েও নিকৃষ্ট। সারাদেশে আগুন সন্ত্রাস চালানো হয়েছে, ময়মনসিংহে গাড়িচালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আগামীতে কোনো আগুন সন্ত্রাস বা ফ্যাসিবাদের রাজনীতি চলবে না। রাষ্ট্রযন্ত্রের সকল সেক্টর ফ্যাসিবাদমুক্ত করে অবিলম্বে গণভোট আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। এরপর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।”
তিনি শিক্ষা সংস্কার ও মাদকবিরোধী কার্যক্রমেও গুরুত্বারোপ করেন এবং ছাত্রশিবিরের দেওয়া ৩০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।





