বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করলেও পেছন থেকে আসা আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে সামনে থাকা ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এর কিছুক্ষণের মধ্যেই পেছন থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই সড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী ও পরিবহন চালক চরম দুর্ভোগে পড়েন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখেন একের পর এক যানবাহন সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এতে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।





