আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম নাম ঘোষণা করেন।
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন। তিনি এবার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এর আগে তিনি বগুড়া-৬ সদর থেকেও নির্বাচন করতেন। কিন্তু সেই আসন তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ছেড়ে দিয়েছেন। এজন্য এবার বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন করছেন তারেক রহমান।
বিএনপির এই শীর্ষ নেতারা বগুড়া থেকে নির্বাচন করার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বগুড়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
বগুড়ায় ৭টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশারফ হোসেন এবং বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-৬ (সদর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।





