দেশের সর্ববৃহৎ বগুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে বগুড়া পৌরসভার সভাকক্ষে ৪০২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৬৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মাসুম আলী বেগ। ধারণা করা হচ্ছে,  এটি বগুড়া পৌরসভার সর্বশেষ বাজেট। বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নতিকরণে ইতিমধ্যে সকল প্রক্রিয়া এগিয়ে চলছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম, পৌর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ, গণমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মী, সাধারণ নাগরিক, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাজেটে এবার পৌর উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক মাসুম আলী বেগ। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে উল্লেখযোগ্য বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। মাসুম আলী বেগ জানান, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের অবদান স্মরণীয় করে রাখতে পৌর এডওয়ার্ড পার্কে নির্মিত স্বাধীনতা চত্ত্বর আগামী অর্থবছরে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং ২০২৪ এ বৈষম্যবিরোধী আন্দোলনে বগুড়া পৌর এলাকায় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে রাস্তা কিংবা চত্ত্বরের নামকরণসহ শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। আগামী অর্থবছরে বগুড়া পৌরসভার অবকাঠামো উন্নয়নে নিজস্ব তহবিল থেকে ৩৫ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে শহরের উন্মুক্ত ড্রেনসমূহের উপরে স্লাব নির্মাণসহ জনসাধরনের পায়ে চলার সুবিধার্থে ফুটপাত নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী অর্থবছরে শিক্ষার্থী ছাউনী নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা হিসাবে অনুদান প্রদানের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাবলিক টয়লেট নির্মাণ শহরের কেন্দ্রস্থল সাতমাথায় একটি আধুনিক টয়লেট নির্মাণসহ শহরের জনবহুল স্থানে উন্নতমানের পাবলিক টয়লেট নির্মাণ করার জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জনসাধারণের বিনোদনের জন্য পৌরসভার ঐতিহ্যবাহী পৌর এডওয়ার্ড পার্কটি কোভিড-১৯ প্রকল্পের আওতায় আধুনিকায়নের কাজ চলছে। আগামী অর্থবছরে পার্কটির আধুনিকায়ন ও সৌন্দর্য্য বর্ধন সমাপ্ত হবে।